বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত রাজনীতিবিদ কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় দুই নম্বর রেলগেট এলাকার সিটি দোয়েল প্লাজায় সিপিবির জেলা কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মন্টু ঘোষ, জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদকমণ্ডলীর সদস্য আঃ হাই শরীফ, শাহানারা বেগম, বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য জাকির হোসেন ও শোভা সাহা প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ কমরেড ফরহাদের স্মৃতি ও রাজনৈতিক দর্শনের কথা স্মরণ করে বলেন, ভাষা আন্দোলন (১৯৫২), শিক্ষা আন্দোলন (১৯৬২), ঐতিহাসিক ১১ দফার আন্দোলন (১৯৬৯), মহান মুক্তিযুদ্ধ (১৯৭১) এবং পরবর্তী স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অবদান ছিল অনন্য। নীতিতে অবিচল থেকে কৌশলে নমনীয় থাকার রাজনৈতিক প্রজ্ঞা, অসামান্য সাংগঠনিক দক্ষতা ও পেশাদার বিপ্লবীর চরিত্র তাঁকে জাতীয় পর্যায়ের অন্যতম জননেতায় পরিণত করেছিল। দীর্ঘ আত্মগোপন জীবন ও প্রতিকূল পরিস্থিতিতেও সিপিবিকে মেহনতি মানুষের শক্তিতে রূপান্তরিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, ১৯৬৯ সালের ঐতিহাসিক ১১ দফা আন্দোলন এবং আশির দশকে সুশৃঙ্খল বামপন্থী রাজনীতি গড়ে তোলার নেপথ্যে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারি। ১৯৮৬ সালে পঞ্চগড়-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের ১৯৮৭ সালের ৯ অক্টোবর মস্কোতে প্রয়াণের মাধ্যমে বাম রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়, তা আজও অপূরণীয়।
বর্তমান সময়ের সংকট মোকাবিলায় তাঁর বর্ণাঢ্য জীবন থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দিয়ে বক্তারা ঘুষ-দুর্নীতি, লুটপাট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রাজপথে গণসংগ্রাম গড়ে তোলার পাশাপাশি সমাজ পরিবর্তনের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

