নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দেশের বাইরে বসে নানা বার্তা দিয়ে নারায়ণগঞ্জে অস্থিতিশীলতা সৃষ্টি করা যাবে না। যারা একসময় ‘খেলা হবে’ বলে হুঙ্কার দিয়েছিল, তারাই এখন দেশ ছেড়ে পালিয়েছে ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “হাজার হাজার মাইল দূরে থেকে যারা নারায়ণগঞ্জে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তারা সফল হবে না। জনগণের ভয়ে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা কখনো জনগণের নেতৃত্ব দিতে পারে না। যারা জেলকে ভয় করে, তারাও কখনো প্রকৃত নেতৃত্ব দিতে পারে না।”
তিনি বলেন, গত কয়েক মাসে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
সাখাওয়াত বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। দেশের বাইরে থেকে কোনো ধরনের উসকানি দিয়ে নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় মানুষকে বিভ্রান্ত করা যাবে না।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার প্রক্রিয়া এখন আদালতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাই দেশের বাইরে অবস্থান করে নানা ধরনের ষড়যন্ত্র না করে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।
বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে মহানগর বিএনপির এই নেতা বলেন, “বিএনপির নেতাকর্মীরা মামলা, গ্রেপ্তার ও জেল-জুলুমের মধ্যেও রাজপথে ছিলেন। কঠিন পরিস্থিতিতেও তারা নারায়ণগঞ্জের মানুষের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।”
নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে সাখাওয়াত হোসেন খান বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অপরাধের পুরোনো সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনের চলমান তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি, প্রধান বক্তা নজরুল ইসলাম আজাদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আাবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ন আহ্বায়ক ফহতে রেজা রিপন, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান জোরদার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে নারায়ণগঞ্জে আরও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে।
তিনি বলেন, প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আগামী দিনে নারায়ণগঞ্জকে আরও নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সমাবেশে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

