নাচ-গান ও বাড়তি হৈচৈ নয়, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, গজল ও শিক্ষামূলক বক্তব্যের মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন একই বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. এ. হাসেম-ইয়াতুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীরা হামদ-নাত ও গজল পরিবেশন করেন। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় জাতীয় সংগীতের মিউজিকও পরিবেশন করা হয়।
কলেজের উপাধ্যক্ষ মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, আত্মবিশ্বাস, নৈতিকতা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বর্তমান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি অধ্যাপক মুনসী হুমায়ুন কবির শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের শিক্ষা-ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্মাণে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপহার হিসেবে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ, মগ, চটের ব্যাগ ও কলম দেওয়া হয়।
প্রচলিত নাচ-গান ও বাড়তি হৈচৈয়ের পরিবর্তে শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের বার্তা সামনে রেখে আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

