নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আলী আহম্মদ চুনকা পাঠাগারের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম টিটু ঢালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হারুন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।
প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজিব বলেন, জাতীয়তাবাদী দল জনগণের দল। তাই দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল ও সহনশীল আচরণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিনয় ও সহনশীলতার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের মতো লুটপাট, বিশৃঙ্খলা ও অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানসিকতা বিএনপিতে বরদাশত করা হবে না। নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের কারণেই নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের পরও জনগণ দলের ওপর আস্থা রেখেছে।
মাসুকুল ইসলাম রাজিব আরও বলেন, পাঠ্যক্রমে ইতিহাসের বিকৃতি দূর করে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, জোর করে মানুষের শ্রদ্ধা অর্জন করা যায় না; সুন্দর আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমেই মানুষের ভালোবাসা অর্জন করতে হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইফতেখারুল আলম নাইম লস্কর, ধর্মবিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার মোল্লা, প্রচার সম্পাদক মো. দিদারুল আলম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান।
এ ছাড়া জেলা কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মনজুর আকাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

