নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারের একটি অংশ, ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল একটি পাকা বাড়ির দ্বিতীয় তলায় ঢুকে গৃহকর্তা, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে।
পরে ডাকাতরা বাড়ির প্রধান কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারির লকার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং গৃহকর্তার দাবি অনুযায়ী প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গাউছিয়া-ভুলতা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ ভ্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—নরসিংদীর মাধবদী থানার বিরামপুর এলাকার শাহিন ওরফে শামীম (৪৮), কুমিল্লার হোমনা থানার ওপারচর এলাকার মো. শরীফ (৩৯), নরসিংদী সদর এলাকার হৃদয় দাস (৩০), মাধবদীর বগিরাতপুর এলাকার মো. তামজিদ মিয়া (৪০) এবং একই থানার দিঘীরপাড় এলাকার মো. শামীম (৪০)।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের হেফাজত থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারের মধ্যে বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জামও উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগী গৃহকর্তা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের শনাক্ত করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক সহযোগীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

