নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩৫ বোতল মাদকদ্রব্য স্কাফসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে সোনারগাঁও থানাধীন সোনারগাঁও জাদুঘরের ১ নম্বর গেট থেকে টিপরদীগামী সড়কের টিপরদী এলাকার সাততলা ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মুন্সিগঞ্জের শ্রীনগর থানার শিংপাড়া এলাকার মৃত সোরহাব মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক (৪৫), বাগেরহাটের শরণখোলা থানার মালিহা রাজাপুর এলাকার বাবুল হোসেনের ছেলে অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর চৈতা এলাকার বারেক হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৩৫)। তাদের মধ্যে আনোয়ার ঢাকার কাফরুল ও মনির কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় একটি কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে অভিযান অব্যাহত থাকবে।

