নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন যানবাহন তল্লাশি, কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকায় এ চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে গাড়ির রেজিস্ট্রেশন, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক আইনে ১১টি গাড়ির মালিকের বিরুদ্ধে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, নগরবাসী ও জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চেকপোস্ট, তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চেকপোস্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সহকারী পুলিশ সুপার (গ সার্কেল), রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

