স্থানীয় সরকার নির্বাচন-২০২৬-এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচনী সরঞ্জাম ও ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এ ছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় করণীয় এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
প্রথম ব্যাচের দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

