জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ সদর-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম।
এ সময় মৎস্য অধিদপ্তর ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি সংশ্লিষ্টরা জানান, জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুকুর ও অন্যান্য জলাশয়ে পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্ত করা হলে মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে।
পোনামাছ অবমুক্তকরণ শেষে জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, মাছের স্বাভাবিক বৃদ্ধি এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

