নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ী ও ৮৭ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনভর জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথকভাবে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সোহেল ও ইসদাইর এলাকার সাগরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বন্দর থানা এলাকা থেকে জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগম নামে আরও তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। একই সঙ্গে ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা রুজুর জন্য তাদের বিষয়ে সিআইডি ঢাকা কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে সদর মডেল থানায় ১৩ জন, ফতুল্লা মডেল থানায় দুই মাদক ব্যবসায়ীসহ ৩৬ জন, বন্দর থানায় তিন মাদক কারবারিসহ ৯ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৭ জন, সোনারগাঁও থানায় দুইজন, আড়াইহাজার থানায় চারজন এবং রূপগঞ্জ থানায় ছয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে অভিযানে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

