ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ট্রাকের চাপায় হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়াকামতা গ্রামের মো. শাহ-আলম মিয়ার একমাত্র ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার একটি মাদ্রাসায় আয়োজিত ইসলামিক জলসায় অতিথি হিসেবে যোগ দেন মুফতি আল জাহিদ। অনুষ্ঠান শেষ হতে গভীর রাত হওয়ায় তিনি ওই মাদ্রাসাতেই রাতযাপন করেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে কুমিল্লায় নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
পথে পিরোজপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান মুফতি জাহিদ। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের শ্বশুর ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন। এ সময় স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহতের শ্বশুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ের জামাই গতকাল প্রোগ্রামে এসেছিল। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন করে এই মর্মান্তিক খবর জানায়। আমার চার বছরের একটি নাতনি আছে। আমার মেয়েটিও বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবুঝ শিশু আর অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব? আমি এই দুর্ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

