দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এর মধ্যে ঋণের আসল হিসেবে ১৩৫ কোটি ২৪ লাখ ডলার এবং সুদ বাবদ ৬৯ কোটি ৫২ লাখ ডলার পরিশোধ করা হয়েছে।
চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে পরিশোধ করা এ অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, এ যাবৎকালে কোনো পাঁচ মাসের সময়ে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে এটি সর্বোচ্চ।
গত বছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৩১০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি বছরের একই সময়ে ঋণ পরিশোধ বেড়েছে ১৫ কোটি ৪ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮৪৯ কোটি টাকা।
ইআরডির তথ্য বলছে, মার্চ থেকে জুলাই—এই পাঁচ মাসে সরকারকে গড়ে প্রতি মাসে প্রায় ৪১ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে।
পুরোনো ঋণের কিস্তির চাপ
সংশ্লিষ্টদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বড় অবকাঠামো ও মেগা প্রকল্পের জন্য নেওয়া বিপুল পরিমাণ বিদেশি ঋণের অনেকগুলোর গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় বর্তমানে আসল ও সুদ পরিশোধের চাপ বেড়েছে।
২০২২-২৩ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ২৬৭ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩৩৭ কোটি ডলারে। এরপর ২০২৪-২৫ অর্থবছরে ঋণ পরিশোধের পরিমাণ আরও বেড়ে হয় ৪০৯ কোটি ডলার।
সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের বিশ্লেষণ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিদেশি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধির অন্যতম কারণ হলো আগের বছরগুলোতে নেওয়া বড় প্রকল্প ঋণের কিস্তি পরিশোধের সময় শুরু হওয়া। বিশেষ করে দেড় দশকে নেওয়া বিভিন্ন অবকাঠামো ও মেগা প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় একই সময়ে আসল ও সুদ পরিশোধের দায় তৈরি হয়েছে।
‘ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার’
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার অবকাঠামো ও মেগা প্রকল্পের নামে ব্যাপকভাবে ঋণ নিয়েছে। এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রকল্পের ‘ভ্যালু ফর মানি’ এবং ঋণের সুদের হার যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতেও ক্যাপাসিটি চার্জসহ বিভিন্ন কারণে বিপুল আর্থিক দায় ও ভর্তুকির বোঝা তৈরি হয়েছে। বর্তমানে আগের সরকারের রেখে যাওয়া এসব দায় সামলাতে হচ্ছে।
তিতুমীর বলেন, ‘আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। তারপরও সরকার অগ্রাধিকার দিয়ে নিয়মিতভাবে এসব দায় পরিশোধ করে যাচ্ছে।’
তার ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার নতুন ঋণ গ্রহণের ক্ষেত্রেও সতর্ক অবস্থান নিয়েছে। বিনিয়োগ, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে গতিশীলতা বাড়াতে ঋণের ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে এর বিপরীতে সম্ভাব্য রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঋণ ব্যবহারে নতুন নীতি
বর্তমান সরকারের ঋণনীতিতে শুধু অর্থ সংগ্রহের বিষয়টি নয়, ঋণের অর্থ কোথায় ব্যয় হবে এবং সেই বিনিয়োগ থেকে অর্থনৈতিক সুফল কতটা পাওয়া যাবে—সেটিও গুরুত্ব পাচ্ছে।
সরকারের নীতিনির্ধারকদের মতে, পূর্ববর্তী সরকারের নেওয়া ঋণের দায় নিয়মিত পরিশোধের পাশাপাশি নতুন ঋণের ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা, অর্থনৈতিক সম্ভাব্যতা, প্রত্যাশিত সুফল এবং ভবিষ্যৎ পরিশোধ সক্ষমতা বিবেচনায় নেওয়া হচ্ছে।
তাদের মতে, নিয়মিতভাবে বিদেশি ঋণ পরিশোধের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও ঋণদাতাদের কাছে বাংলাদেশের দায় পরিশোধের সক্ষমতা এবং আর্থিক বিশ্বাসযোগ্যতা বজায় রাখা সম্ভব হবে।

