নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় স্বপ্ন শপের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১০ পুরিয়া হেরোইনসহ বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবু মুন্সীগঞ্জ সদর থানার হুগশা কান্দি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
অন্যদিকে, রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার নুর উদ্দিন সুপার শপের সামনে অভিযান চালায় পুলিশ। এসআই মো. ওয়ালি উল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৫৫ পুরিয়া হেরোইনসহ মো. খোকন (৩৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
খোকন ভোলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার সেকেন্দার দেওয়ানের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

