নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগে বিএনপির দুই শীর্ষ নেতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একটি ট্রাকের ধাক্কায় বাড়ির সিঁড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ অল্প সময়ের মধ্যেই বিএনপির দুই নেতার ওপর হামলা, পাল্টা উত্তেজনা এবং একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রূপ নেয়।
ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত এক নেতার বিএনপি ও অঙ্গসংগঠনের সব পদ এবং প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। ফলে রামারবাগের ঘটনাটি এখন আর নিছক স্থানীয় বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই; এটি ফতুল্লা বিএনপির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছে।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ফতুল্লার রামারবাগ এলাকায় একটি ট্রাক চলাচলের সময় মোহন আহমেদ ওরফে মমিনের বাড়ির বাইরের সিঁড়িতে ধাক্কা লাগে। এতে সিঁড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোহন আহমেদ, আলতাফসহ কয়েকজন ট্রাকচালককে মারধর করেন এবং ট্রাকটি সড়কের ওপর রেখে দেন বলে অভিযোগ ওঠে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
ঘটনাটি দেখতে সেখানে যান ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান। ট্রাকচালককে মারধরের কারণ এবং সড়কের ওপর ট্রাক রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা নিয়ে তারা জানতে চাইলে সংশ্লিষ্টদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
আনিছুর রহমানের অভিযোগ, কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। বিষয়টির প্রতিবাদ করলে রুহুল আমিন শিকদারের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
রুহুল আমিন শিকদারের অভিযোগ আরও গুরুতর। তার দাবি, শুধু মারধর নয়, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী, আশপাশের সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করলে হামলার প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
দুই বিএনপি নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হন।
পরিস্থিতি আরও সংঘাতের দিকে যাওয়ার আশঙ্কায় দলীয় কয়েকজন নেতা নেতাকর্মীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। পরে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
রাতে হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ ওঠা আলতাফ মেম্বারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাড়ির একাধিক ঘরের দরজা-জানালা ও কাচ ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগও করা হয়েছে।
কারা বাড়িতে হামলা করেছে, তাদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এসব বিষয় কিছু জানাযায়নি ফলে এক পক্ষের ওপর হামলার অভিযোগের পর অন্য পক্ষের বাড়িতে হামলার অভিযোগ ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বাদী হয়ে আটজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।
ঘটনার রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দেয় পরদিন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির দুই শীর্ষ নেতার ওপর হামলার অভিযোগের পর মোহন আহমেদ ওরফে মমিনের বিএনপি ও অঙ্গসংগঠনের সব পদ এবং প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলীয়ভাবে এমন কঠোর সিদ্ধান্তের ফলে ঘটনাটি স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।
রামারবাগের ঘটনা সামনে এনে দিয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফতুল্লা বিএনপিতে দলীয় চেইন অব কমান্ড কতটা কার্যকর?
একটি ব্যক্তিগত বা স্থানীয় বিরোধ কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে দলীয় নেতাদের মধ্যে সংঘাতে রূপ নেয়, এরপর আবার পাল্টা হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে এ নিয়ে দলের ভেতরেও আলোচনা তৈরি হয়েছে।
রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে। কিন্তু সেই বিরোধ যখন দলীয় পরিচয়কে সামনে রেখে সংঘর্ষে রূপ নেয়, তখন সেটি শুধু ব্যক্তিগত বিষয় থাকে না; সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নও সামনে আসে।
বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ে শীর্ষ নেতাদের ওপর প্রকাশ্য হামলার অভিযোগ এবং পরবর্তীতে দলীয় পদ স্থগিতের ঘটনা নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
রামারবাগের ঘটনাকে শুধু ‘ট্রাকের ধাক্কা’কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ হিসেবে দেখছেন না স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। তাদের মতে, কোনো একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে এত দ্রুত রাজনৈতিক পরিচয়সম্পন্ন ব্যক্তিদের মধ্যে সংঘাত তৈরি হওয়ার অর্থ স্থানীয় পর্যায়ে আগে থেকেই চাপা বিরোধ, প্রভাব বিস্তার কিংবা নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে অসন্তোষ থাকতে পারে।
তবে এসব বিষয় এখনো রাজনৈতিক বিশ্লেষণ ও স্থানীয় আলোচনার পর্যায়ে রয়েছে। এর সত্যতা নিশ্চিত করতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত। ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুলিশের তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর লিখিত অভিযোগ সবকিছু একসঙ্গে বিশ্লেষণ করলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।
দুই বিএনপি নেতার ওপর হামলার অভিযোগের প্রকৃত ঘটনা কী? হামলার পর যে বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে, এর সঙ্গে কারা জড়িত এবং তাদের রাজনৈতিক পরিচয় কী? স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ কি এতটাই তীব্র হয়েছে যে সামান্য ঘটনাও বড় সংঘাতে রূপ নিচ্ছে?
রামারবাগের ঘটনা আপাতত একটি স্থানীয় সংঘাত হলেও এর রাজনৈতিক অভিঘাত ফতুল্লা বিএনপির জন্য বড় হতে পারে। কারণ হামলার অভিযোগের পাশাপাশি দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে নেতাকর্মীদের ব্যক্তিগত আচরণ এখন সংগঠনের শৃঙ্খলার প্রশ্নের সঙ্গেও সরাসরি যুক্ত হচ্ছে।
এখন দেখার বিষয়, পুলিশি তদন্তে কী বেরিয়ে আসে এবং বিএনপি স্থানীয় পর্যায়ে এই ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে কী ধরনের পদক্ষেপ নেয়।

