নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ ২৬টি মামলার পলাতক আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সবুজ ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এজাজুল হককেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সবুজ ওরফে কালাই সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। অপর আসামি এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতের ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুর এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সবুজ ওরফে কালাই সবুজের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
পুলিশ জানায়, সবুজ দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অপহরণ করে জিম্মি করা, মুক্তিপণ আদায়, হত্যাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
ওসি আরও জানান, গত চার মাস ধরে তাকে গ্রেপ্তারে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্নভাবে তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করে আসছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ সবুজ ও তার সহযোগী এজাজুল হককে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সবুজ ওরফে কালাই সবুজের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

