নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ ভূইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন হাই স্কুলে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তঃশ্রেণি-শাখা বিজ্ঞান মেলা। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল পৌনে ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
এবারের বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণির ২৬টি শাখার শিক্ষার্থীরা অংশ নিয়েছে। প্রতিটি শাখার জন্য রয়েছে পৃথক স্টল। এসব স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর ধারণা ও নিজেদের তৈরি নানা উদ্ভাবনী প্রদর্শনী তুলে ধরেছে।
উদ্বোধনের পর প্রধান অতিথি মাসুকুল ইসলাম রাজীব অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে চান এবং তাদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন হাই স্কুল ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, ট্রাস্টি বোর্ডের সদস্য মনির হোসেন খান ও মোয়াজ্জেম হোসেন সোহেল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, কীভাবে কাজ করে’—এমন প্রশ্ন থেকেই বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয় এবং উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে নিজেদের মেধা ও প্রতিভাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা ও ডিজিটাল কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের একটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে নারায়ণগঞ্জবাসীর আরও বেশি জানা প্রয়োজন।
মাসুকুল ইসলাম রাজীব শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন শেষে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ তৈরি করতেই এ আয়োজন। দুই দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতার নানা দিক তুলে ধরার সুযোগ পাচ্ছে।

