নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩৬ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপসহ মো. মারুফ শাহরিয়ার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার মারুফের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ফতুল্লার উত্তর দেলপাড়া ক্যানেলপাড় স্বপ্নীল সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উত্তর দেলপাড়া এলাকায় একটি সীমানাপ্রাচীরের পাশের সড়কে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন মারুফ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৬ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতার মারুফ শাহরিয়ারের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার বিলাশপুর বেপারী বাড়ি এলাকায়। তিনি ফতুল্লার নুরবাগ এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, পূর্বের অপরাধের রেকর্ড যাচাই করে মারুফের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশের অভিযানে উদ্ধার করা মাদক জব্দ করে মারুফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

