নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসির একটি দল উপজেলার তারাবো এলাকায় অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব-১১।

