নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শুক্রবার সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হলে শুনানি শেষে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রুবেল (২৮), মো. আলম (৬০), মো. আসলাম (৬৫), জাহাঙ্গীর আলম (৩০), আল আমিন (২৪), মো. মিজানুর রহমান (৫২), মো. পাভেল (২৮), মো. জুয়েল (৩০), হাবুল মৃধা (২৮), মো. মাসুম (৩৫), মো. রাকিব (২২), শাকিল (২০), মো. রুপ মিয়া (৬৫), মো. কবির হোসেন (৩৫) ও মো. পারভেজ (২৪)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে সাজা কার্যকর করা হয়েছে।

