নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় তিন কোটি টাকা মূল্যের ২০ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন। সরকারি জমিতে বালু ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ফারুক নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।
জরিমানাপ্রাপ্ত ফারুক সস্তাপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
ইউএনও এসএম ফয়েজ উদ্দিন জানান, সস্তাপুর এলাকায় প্রতি শতাংশ জমির বর্তমান মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অভিযানে প্রায় ২০ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পুনরায় দখল ঠেকাতে উদ্ধার করা জমির চারপাশে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

