নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের জন্য বিনা বেতনে কোচিংয়ের ব্যবস্থা করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নগরীর আমলাপাড়া এলাকায় নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের সঙ্গে পরামর্শ শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “স্কুলের ফলাফল ভালো করার জন্য নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিনা বেতনে কোচিংয়ের ব্যবস্থা করেছি। স্কুলের পক্ষ থেকেই শিক্ষকদের মাধ্যমে এসব ক্লাস নেওয়া হবে। এজন্য কোনো ফি নেওয়া হবে না।”
তিনি বলেন, সমাজের অনেক পরিবারের সন্তানদের বাইরে কোচিং করানোর মতো আর্থিক সামর্থ্য নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে স্কুলেই সাবজেক্ট, গ্রুপ ও সাধারণ বিষয়ের ওপর কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু এসএসসি পরীক্ষার্থীদের জন্য নয়, নবম শ্রেণির শিক্ষার্থীদেরও এ সুবিধার আওতায় আনা হয়েছে।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে টিপু বলেন, আগামী এক বছরের মধ্যে স্কুলের পশ্চিম পাশের পুরোনো ভবনটি ভেঙে ছয়তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ ভবনের কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও বলেন, আমলাপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে অনেক ছাত্রী ডাক্তার, প্রকৌশলী, আইনজীবীসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
টিপুর দাবি, গত কয়েক বছরে শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও শিক্ষার্থীদের প্রতি যথাযথ মনোযোগের অভাবে বিদ্যালয়ের ফলাফল আশানুরূপ হয়নি। ২০২৬ সালে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “প্রতিটি ক্লাস যাতে যথাযথভাবে হয় এবং শিক্ষক-শিক্ষার্থীরা দায়িত্বশীল থাকে, সেজন্য প্রতিটি শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থাও চালু করা হয়েছে।”
এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার মান যাচাই ও উন্নয়নের জন্য সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পরীক্ষা নেওয়ার পাশাপাশি প্রথম সাময়িক ও বার্ষিক পরীক্ষা নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এ কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকসহ শিক্ষকরা সর্বাত্মক সহযোগিতা করছেন বলেও উল্লেখ করেন টিপু।
অনুষ্ঠানে পবিত্র মাহে রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৬৮ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
বিনা বেতনে কোচিংয়ের ব্যবস্থা করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু
Leave a Comment

