নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝিনাইদহ জেলার মহেশপুরের আলামপুর এলাকার শেখ আইনুদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), নেত্রকোনা জেলার দুর্গাপুরের পূর্ব দশাল এলাকার হোসেন আলীর ছেলে মো. হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন (৩০) এবং গাজীপুর জেলার টঙ্গী দত্তপাড়া এলাকার আশরাফুলের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)।
আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে দুইজন আদালতে উপস্থিত ছিলেন। শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটি থেকে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।
মামলার তদন্তে পুলিশ জানতে পারে, দণ্ডপ্রাপ্তরা একটি পেশাদার ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বাসযোগে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
পরে এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

