নিজের নাম ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার এবং ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তিনি এ জিডি করেন।
জিডিতে আবু আল ইউসুফ খান টিপু উল্লেখ করেন, গত ৮ আগস্ট থেকে তাঁর নিজস্ব ফেসবুক আইডির নাম ও পরিচয় ব্যবহার করে কয়েকটি ভুয়া আইডি খোলা হয়েছে। এসব আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির বিরুদ্ধে অশ্লীল, অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ছবি প্রচার করা হচ্ছে।
তাঁর দাবি, এসব ভুয়া ফেসবুক আইডি পরিচালনা কিংবা ওইসব পোস্টের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। বরং তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে জিডিতে আরও অভিযোগ করা হয়, দুটি মোবাইল নম্বর থেকে সোহানুর রহমান শুভ্র ও মিরাজুল ইসলাম রাতুল নামে দুই ব্যক্তি তাঁকে ফোন করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন টিপু। জিডিতে ওই দুই ব্যক্তিকে শামীম ওসমান গ্রুপের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আবু আল ইউসুফ খান টিপু মনে করছেন, তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খোলা এবং ফোনে হুমকি দেওয়ার ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র থাকতে পারে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে বিষয়টি নথিভুক্ত থাকার জন্যই তিনি থানায় জিডি করেছেন বলে জানান।
জিডিতে তিনি ঘটনাগুলো তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।

