সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরের সেলিম হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার একমাত্র আসামি সেলিমকে শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর চকবাজার থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাবের তথ্যমতে, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে সেলিমের বিয়ে হয়। দাম্পত্য জীবন চলাকালে কৌশলে ওই নারীর ব্যক্তিগত ও সংবেদনশীল ছবি-ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করে রাখেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হলে সাবেক স্ত্রীর নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন সেলিম। ওই অ্যাকাউন্টের মাধ্যমে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর র্যাব-১০ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে সেলিমের অবস্থান শনাক্ত করে নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার সেলিম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

