২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রাজনৈতিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে। সেখানে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ ও স্লোগানের মুখে একপর্যায়ে সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি।
শনিবার (১৫ আগস্ট) রাতে নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ঘটনার সময়ের ভিডিওতে দেখা যায়, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে শামীম ওসমানও উপস্থিত ছিলেন। তার উপস্থিতির খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় বিক্ষোভকারীরা শামীম ওসমান, আওয়ামী লীগ, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিক্ষোভের মুখে শামীম ওসমানসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা সভাস্থল থেকে চলে যান।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা জানান, তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং দলটির কোনো নেতাকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শামীম ওসমান আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন সূত্রের দাবি। তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে নারায়ণগঞ্জে তার জামতলার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
আত্মগোপনে থাকা অবস্থায় শামীম ওসমান পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছাড়েন বলে একাধিক সূত্রের দাবি। গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দুবাই, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে দেখা যাওয়ার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
সম্প্রতি শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শামীম ওসমানকে প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা যায়। এর আগে দীর্ঘ সময় তাকে কোনো প্রকাশ্য রাজনৈতিক সভায় বক্তব্য দিতে দেখা যায়নি।
তার প্রকাশ্যে আসা ও বক্তব্য দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের অনেকে তার সমালোচনা করে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছে। একই প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে।

