দৃষ্টি প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটকে জয় করে উচ্চশিক্ষা সম্পন্ন করা শিক্ষার্থী কামাল হোসেন পিয়াসের শিক্ষা ও কর্মসংস্থানের পথ আরও সহজ করতে তার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ আগস্ট) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়জ উদ্দিন আহমেদের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামাল হোসেন পিয়াসের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়।
কামাল হোসেন পিয়াস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি উত্তরপাড়া আদজীনগর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
উচ্চশিক্ষা সম্পন্ন করলেও দৃষ্টি প্রতিবন্ধকতার পাশাপাশি আর্থিক অসচ্ছলতার কারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা, চাকরির প্রস্তুতি এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কাজ করতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছিলেন তিনি।
সম্প্রতি নিজের শিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতি আরও এগিয়ে নিতে একটি ল্যাপটপের প্রয়োজন জানিয়ে সদর উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন পিয়াস। আবেদনে তিনি উল্লেখ করেন, স্ক্রিন রিডারসহ বিভিন্ন সহায়ক সফটওয়্যার ব্যবহার করে ল্যাপটপের মাধ্যমে নিজের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে চান। কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের অর্থায়নে ল্যাপটপ কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
তার আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়জ উদ্দিন আহমেদের উদ্যোগে তাকে ল্যাপটপটি দেওয়া হয়।
ল্যাপটপ হাতে পেয়ে কামাল হোসেন পিয়াস বলেন, আধুনিক প্রযুক্তি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ল্যাপটপ তার পড়াশোনা, চাকরির প্রস্তুতি এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

