নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ডালিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
নিহত ডালিম শুভকরদী এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, ডালিমের সঙ্গে একই এলাকার হাবিব (২০) নামে এক যুবকের পূর্ব থেকেই বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে হাবিব ধারালো অস্ত্র দিয়ে ডালিমকে আঘাত করে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত হাবিব মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় ‘ব্ল্যাক জনি’ নামে পরিচিত এক চিহ্নিত মাদক কারবারির অনুসারী হিসেবে পরিচিত।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আহত ডালিমকে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

