নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তি করলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “ইট মারলে পাটকেল খাবেন।”
সোমবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আবুল কাউসার আশা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক নেতা বিভিন্ন জাতীয় নেতাকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করছেন। রাজনীতিতে মতভেদ থাকতে পারে, তবে কুরুচিপূর্ণ বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলনে বিভিন্ন দলের সঙ্গে একসঙ্গে কাজ করেছে। তাই রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, ২০২৪ সালের গণ-আন্দোলন কোনো একক দলের সম্পদ নয় এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।

