নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ ফজলুল হক হত্যা মামলার প্রধান আসামি মো. নোবেল (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (৩ আগস্ট) র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ি ক্যানেলপাড় এলাকায় ৬৫ বছর বয়সী ফজলুল হককে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব-১১।
এরই ধারাবাহিকতায় রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসও (S.O.) এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, প্রায় এক বছর আগে নিহত ফজলুল হকের ছেলে ফারুকও একটি হত্যা মামলার শিকার হন। ওই মামলার বাদী ছিলেন ফজলুল হক নিজেই।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

