নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, খেলাধুলা ও মাদকের মধ্যে কোনো সহাবস্থান হতে পারে না। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বন্দর উপজেলার সাবদী নূরপদি পূর্বপাড়ায় অবস্থিত সাবদী টার্ফ জোন-এর র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবুল কাউসার আশা বলেন, টার্ফ জোনে ‘নো স্মোকিং জোন’ লেখা রয়েছে, যা শুধু ধূমপান নয়, মাদকের বিরুদ্ধেও একটি শক্ত বার্তা বহন করে। তিনি বলেন, “একজন তরুণ একই সঙ্গে মাদক সেবন ও খেলাধুলা করতে পারে না। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, তারা অবশ্যই মাদকের বিরুদ্ধে অবস্থান নেবে। তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে—তরুণরা খেলাধুলা করবে, নাকি মাদকের অন্ধকারে হারিয়ে যাবে।”
তিনি টার্ফ জোন প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানান।
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে আশা বলেন, “অনেক সময় দেখা যায়, যারা প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে কথা বলেন, তাদের বিরুদ্ধেই মাদক ব্যবসার অভিযোগ ওঠে। আবার মাদকবিরোধী কর্মসূচিতেও মাদক ব্যবসায়ীরা অংশ নেয়। এই দ্বিচারিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “মাদকসেবীদের সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। তারা অর্থের লোভে সমাজকে ধ্বংস করছে। তাই সমাজ ও রাজনীতিতে তাদের কোনো স্থান হওয়া উচিত নয় এবং সবাইকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

