সাধারণ মানুষের দোরগোড়ায় জনপ্রতিনিধির সেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি ঘোষণা দিয়েছেন, এখন থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে অবস্থান করে সরাসরি নাগরিকদের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন সেবাসংক্রান্ত বিষয় শুনবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেবেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলা কার্যালয়ে নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, একজন জনপ্রতিনিধির কাছে মানুষের সহজে পৌঁছানোর সুযোগ থাকা প্রয়োজন। অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে চান, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়ে ওঠে না। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রতি মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলা কার্যালয়ে উপস্থিত থেকে সাধারণ মানুষের কথা শোনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি অফিস জনগণের সেবার স্থান। তাই কোনোভাবেই এটিকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে না। দলীয় নেতাকর্মীদের সরকারি কার্যালয়ের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে, কোনো ধরনের প্রটোকল বা সংকোচ ছাড়াই এসে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দলীয় কার্যালয় রয়েছে। সরকারি প্রতিষ্ঠানে সেই ধরনের পরিবেশ সৃষ্টি হলে জনসেবার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

