নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক), জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) শীর্ষ কর্মকর্তাদের গণসংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান চেম্বারের নেতৃবৃন্দ।
সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত প্রশাসকদের দায়িত্ব পালনে শুভকামনা জানান এবং জেলার উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহসভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ, বিকাশ চন্দ্র সাহাসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

