১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মদানের মধ্য দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম এগিয়ে গেছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহিদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের সার্বিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

