নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পরিধি বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে সদর উপজেলার কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের নির্দিষ্ট কিছু এলাকা নাসিকের আওতায় আনার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এ সীমানা সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মতামত ও আপত্তি জানাতে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী নাসিকের সীমানা সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রস্তাবিত এলাকাগুলোকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের লিখিত মতামত বা আপত্তি গ্রহণ করা হবে।
প্রস্তাব অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা নাসিকের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
এ ছাড়া ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশের পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশপাশের এলাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও সংলগ্ন এলাকাও সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডও নাসিকের সম্প্রসারিত সীমানায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
জেলা প্রশাসক রায়হান কবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, প্রস্তাবিত সীমানা সম্প্রসারণ সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কোনো পরামর্শ বা আপত্তি থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আপত্তিগুলোর ওপর পরবর্তীতে আনুষ্ঠানিক শুনানির ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

