নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার পলাতক স্বামীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টা ৪০ মিনিটে সোনারগাঁও থানার পুলিশ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া নারী মোছা. ছালেহা (৩২)। তিনি বানেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের মেয়ে এবং আল আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ছালেহার বাড়িতে অভিযান চালানো হলে তার শয়নকক্ষের খাটের ওপর রাখা তোষকের নিচ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, একই মামলার অপর আসামি ছালেহার স্বামী আল আমিন (৪০), জাহিদুল হকের ছেলে, অভিযানের সময় পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় পলাতক আল আমিনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

