নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ লেপ-তোশকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রেখে যায় তারা। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় পরিবারসহ বসবাস করছিলেন। স্থানীয় মাসদাইর বাজারে তিনি একটি লাইব্রেরির পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর কয়েক ঘণ্টা পরই তার মরদেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসআই রফিকুল ইসলাম বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। হত্যার কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

