নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, ইউনিয়নে একটি প্রভাবশালী চক্র গোপনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে। এ কার্যক্রমের পেছনে স্থানীয়ভাবে রাসেল মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকির ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, বক্তাবলী ইউনিয়ন বিএনপির একটি অংশ ব্যক্তিস্বার্থে ওই পক্ষের সঙ্গে সমঝোতা করে কাজ করছে। সম্প্রতি সরকারি চালের কার্ড বিতরণকে কেন্দ্র করেও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগকারীদের দাবি, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল, সাংগঠনিক সম্পাদক হালিম এবং এনসিপির একজন নেতা সরকারি চালের কার্ড গ্রহণ করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, এসব অনিয়মের কারণে প্রকৃত উপকারভোগীদের একটি অংশ সরকারি সেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন।
অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন অভিযোগকারী।

