কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নারায়ণগঞ্জের ‘দুই পরিবার’কে উদ্দেশ করে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ করে বলেন, বিশ্বকাপ চলাকালে তিনি কোন খেলায় অংশ নিতে চান ফুটবল না ক্রিকেট তা জানাতে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর খানপুর হাসপাতাল রোডে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে যুবদলের দীর্ঘদিনের ভূমিকা রয়েছে এবং দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে জীবনও দিয়েছেন। তিনি দাবি করেন, কয়েক মিনিটের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুটি পরিবার রয়েছে এবং অতীতে তারা একে অপরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে।
শামীম ওসমানকে উদ্দেশ করে মুরাদ বলেন, “আপনি তো সবসময় বলতেন ‘খেলা হবে’। এখন বিশ্বকাপ চলছে। আপনি ফুটবল খেলবেন, নাকি ক্রিকেট সেটা জানান।”
দাবা খেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনি যদি দাবা খেলতে চান, তাহলে যাদের গুম করতে চেয়েছিলেন, মশিউর রহমান কে বসাবো তাদের সঙ্গে আপনাদের দুই পরিবারকে বসতে বলব। যুবদলের জাতীয় পর্যায়ের নেতাদের সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা আপনাদের নেই।”
বক্তব্যে তিনি আরও দাবি করেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গিয়েছিল এবং বাকশাল ব্যবস্থা চালু করেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাকে দেশে ফিরে রাজনীতি করার সুযোগ দেন। এরপর দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, এর জবাব জনগণ দিয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক ও সাজেদুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। সমাবেশ ও পরবর্তী মিছিল পরিচালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।

