নারায়ণগঞ্জের খাল ও জলাশয় পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
সভায় জেলার বিভিন্ন খালের নাব্যতা ও স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়া খালগুলো পুনঃখনন, অবৈধ দখলমুক্তকরণ এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জেলার পানি সম্পদ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং পানি সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

