প্রার্থী বাছাইয়ে বিবেচনায় থাকবে দলের জন্য ত্যাগ, সক্রিয় রাজনৈতিক ভূমিকা ও স্থানীয় গ্রহণযোগ্যতা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী নির্বাচনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, কোনো সুবিধাবাদী বা চাঁদাবাজকে বিএনপির প্রার্থী হিসেবে সুযোগ দেওয়া হবে না।
শনিবার (২০ জুন) সকালে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুতুবপুর এলাকায় আয়োজিত একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মূল্যায়নের ক্ষেত্রে অন্তত পাঁচটি বিষয় গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে—গত ১৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা, মাঠে-রাজপথে দলের জন্য কাজ করা, জেল-জুলুম ও মামলা-মোকদ্দমার শিকার হওয়া, নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা অর্জন করা।
তিনি বলেন, যাদের বিরুদ্ধে মাদক বা চাঁদাবাজির অভিযোগ কিংবা মামলা রয়েছে, তাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব মানদণ্ডের ভিত্তিতেই জনপ্রতিনিধি ও প্রার্থী নির্বাচন করবেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে সাখাওয়াত বলেন, “৫ আগস্টের পর হঠাৎ করে বিএনপির বড় নেতা বনে যাওয়া ব্যক্তিদের কোনো মূল্যায়ন করা হবে না। এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এবং জনগণের স্বার্থে জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি তুলে ধরতে পারেন—এমন ব্যক্তিকেই নির্বাচিত করতে হবে।
দলের শৃঙ্খলার প্রসঙ্গ টেনে মহানগর বিএনপির এ নেতা বলেন, অতীতে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিণতি সবার সামনে রয়েছে। দলের বাইরে থেকে দলের সিদ্ধান্তের বিরোধিতা করা ব্যক্তিদেরও আর মূল্যায়ন করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ জন ছানি আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

