নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত প্রায় পাঁচশ বছরের ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহ শরীফ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর তারা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক এই স্থাপনাটি পরিদর্শন করেন। এ সময় তারা দরগাহ জিয়ারত করেন এবং এর সংরক্ষণ, উন্নয়ন ও পর্যটন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত কদম রসুল দরগাহ দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের মুসল্লি, গবেষক ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্থানীয়ভাবে বিশ্বাস করা হয়, এখানে সংরক্ষিত রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র পদচিহ্নখচিত একটি পাথর, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মপ্রাণ মানুষের শ্রদ্ধার স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। দরগাটি বন্দর উপজেলার নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত এবং এটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত।
পরিদর্শনকালে দরগাহ শরীফের মোতাওয়াল্লী ও খাদেমরা অতিথিদের স্বাগত জানান এবং স্থাপনাটির ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও বিদ্যমান বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। তারা দরগাহ এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেরদৌস ওয়াহিদ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে উপস্থিত ছিলেন বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে এমপি আবুল কালাম ও জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কদম রসুল দরগাহ শুধু নারায়ণগঞ্জের ঐতিহ্য নয়, এটি বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর প্রাচীন স্থাপত্য, পরিবেশ ও ধর্মীয় মর্যাদা রক্ষায় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
তারা আরও জানান, ঐতিহাসিক এ স্থাপনাকে ঘিরে দর্শনার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

