নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্তে নতুন করে অগ্রগতি আনতে অভিযুক্ত আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রোববার (১৪ জুন) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
তিনি জানান, গত ৪ জুন তদন্তকারী সংস্থা র্যাব জামশেদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে নির্ধারিত তিন কার্যদিবসের মধ্যে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করতে না পারায় র্যাব পুনরায় আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর জামশেদ শেখকে গ্রেপ্তার করে র্যাব। একই দিনে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রায় দেড় বছর পর একই মামলায় তাকে আবারও রিমান্ডে নেওয়া হলো।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি ১৭ বছর বয়সী তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ত্বকীকে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয়।
জামশেদ শেখ ছিলেন আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়িচালক। র্যাবের তদন্তে তার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ত্বকীকে অপহরণ ও নির্যাতনের পর হত্যার ঘটনায় জড়িতদের সহায়তা করেছিলেন জামশেদ এবং মরদেহ নদীতে ফেলে দেওয়ার কাজে ব্যবহৃত গাড়িটি তিনিই চালিয়েছিলেন।
অন্যদিকে, ত্বকী হত্যার ১৩ বছর পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ হয়নি। এখনো আদালতে অভিযোগপত্র দাখিল না হওয়ায় বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। গত ১ জুন মামলার ১০৪তম ধার্য তারিখে আদালত আগামী ১ জুলাইয়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের জন্য র্যাবকে নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু।
যদিও অতীতেও একাধিকবার আদালত দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল, প্রতিবারই তদন্তকারী সংস্থা সময় বৃদ্ধির আবেদন করেছে। ফলে দীর্ঘ ১৩ বছরেও আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শুরু না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও সচেতন মহলে হতাশা বিরাজ করছে।

