নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিল করার অভিযোগে কার্যক্রমনিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবারের ওই মিছিলের ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে সন্ত্রাস প্রতিরোধ আইনে এই মামলাটি দায়ের করেন। মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) ও মো. আফজাল হোসেন (১৯) নামের দুই যুবককে।
ধাওয়া দিয়ে দুইজনকে আটক
মামলার বিবরণী থেকে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে ফতুল্লার আদর্শনগর এলাকার তানিন কুঞ্জ সড়কে একদল লোক জড়ো হয়ে সরকারবিরোধী মিছিল শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ধাওয়া করে শাকিল ও আফজাল নামের দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
নেপথ্যে শামীম ওসমান ও অয়ন ওসমান
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তারা আরও জানান, ফতুল্লা আসনের সাবেক বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের প্ররোচনা ও নির্দেশেই তারা দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তারই অংশ হিসেবে গতকাল তারা এই ঝটিকা মিছিলের আয়োজন করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান:
“নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অপরাধে সন্ত্রাস প্রতিরোধ আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মামলার এজাহারনামীয় অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

