নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাইস্কুলের এসএসসি-২০০১ ব্যাচের সংগঠন ‘সতীর্থ-০১’-এর উদ্যোগে রজত জয়ন্তী উপলক্ষে শিক্ষাগুরু সম্মাননা প্রদান ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
আগামী ১২ জুন শুক্রবার সকাল ৮টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হবে। র্যালিটি বঙ্গবন্ধু সড়ক হয়ে ২নং রেলগেট ও ১নং রেলগেট প্রদক্ষিণ করে সকাল ৯টায় নারায়ণগঞ্জ হাইস্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
পরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ‘শিক্ষাগুরু সম্মাননা’ অনুষ্ঠান। এ আয়োজনে বিদ্যালয়ের তৎকালীন এবং বর্তমানে জীবিত প্রায় ১২ জন শিক্ষককে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে দুপুর ১২টায়।
আয়োজকরা জানান, একসময় সমাজে বাবা-মায়ের পর শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হতো। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান ছিল শিক্ষার্থীদের অন্যতম মূল্যবোধ। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্মের মধ্যে সেই চর্চা অনেকটাই কমে এসেছে বলে তারা মনে করেন।
তাদের ভাষ্য, বর্তমানে তারা নিজেরাও সন্তানদের অভিভাবক। নতুন প্রজন্মের কাছে শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নিজেদের শিক্ষাজীবনের স্মৃতি ও শিক্ষকদের অবদানকে সম্মান জানানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
রজত জয়ন্তী উদযাপনকে দুই পর্বে ভাগ করেছে সতীর্থ-০১। প্রথম পর্বে থাকবে শিক্ষাগুরু সম্মাননা ও র্যালি। দ্বিতীয় পর্বে আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কক্সবাজার ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

