নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার বিচারহীনতার ১৫৯ মাস পূর্তি উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এ সময় বক্তারা দীর্ঘ ১৩ বছরের বেশি সময়েও মামলার অভিযোগপত্র আদালতে দাখিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু এবং প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। ত্বকীর পিতা রফিউর রাব্বি অভিযোগ করেন, দেশের বিচারব্যবস্থা এখনো রাজনৈতিক প্রভাবমুক্ত হয়নি এবং বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত রয়েছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরিন।
সমাবেশে বক্তব্য দেন ত্বকীর পিতা রফিউর রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সিপিবি জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা আবুনাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, ওয়ার্কার্স পার্টির হাফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা এবং কবি কাজল কানন।
রফিউর রাব্বি বলেন, “দেশের বিচারব্যবস্থা এখনো পুরোপুরি স্বাধীন নয়। বিচার অনেক ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা একটি সত্যিকার স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারিনি। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত না করা গেলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিতই থাকবে।”
তিনি বলেন, “ত্বকী হত্যা মামলায় এ পর্যন্ত ১০৪ বার তারিখ নির্ধারণ হলেও এখনো অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি। শেখ হাসিনার শাসনামলে চিহ্নিত ঘাতকেরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে। বর্তমানে তারা পালিয়ে গেলেও তাদের অনুসারীরা সক্রিয় রয়েছে। প্রশাসনের নীরবতা উদ্বেগজনক।”
রাব্বি আরও দাবি করেন, অভিযোগপত্রে হত্যার নির্দেশদাতা ও হত্যাকাণ্ডে জড়িত সকলের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং অবিলম্বে আদালতে অভিযোগপত্র দাখিল করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, ত্বকী হত্যা দেশের বিচারহীনতার অন্যতম প্রতীক হয়ে উঠেছে। শুধু ত্বকী নয়, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী তনু হত্যা এবং নারায়ণগঞ্জে সংঘটিত অন্যান্য আলোচিত হত্যাকাণ্ডের বিচারও এখনো সম্পন্ন হয়নি। এসব ঘটনার দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মামলার তদন্তে হত্যাকাণ্ডে ওসমান পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। ২০১৪ সালে তদন্তকারী সংস্থা র্যাব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করলেও আজও আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়নি।
ত্বকী হত্যার বিচার এবং চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ২০১৩ সাল থেকে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

