ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ফল উৎসবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত আল ফারাবী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। তিনি এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির রূপগঞ্জ থানা শাখার যুগ্ম সদস্যসচিব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে একটি ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।
অভিযোগে বলা হয়েছে, নেতৃবৃন্দ অনুষ্ঠানে পৌঁছানোর আগেই আসামিরা পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় মঞ্চ, সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়, যার ফলে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা প্রায় দুই লাখ টাকার মৌসুমি ফল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এলোপাতাড়ি হামলা ও মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে আহত করা হয়। পরে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ। এছাড়া ছাত্রদল নেতা মারুফ মোল্লার নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনসিপির নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামি নিলয় ও রাজু মিয়াকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

