ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৭টি রামদা, একটি কুড়াল, একটি চাপাতি এবং লুট করা একটি সাইকেল উদ্ধার করা হয়েছে।
রবিবার (৭ জুন) সকালে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫) ও আসলাম (২৮)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গত ৪ জুন রাত ১০টার দিকে ভোলাইল গেদ্দারবাজার এলাকার বাসিন্দা বদরুদ্দীন জামানের বাড়িতে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে বাড়ির লোহার গেট ও দরজায় এলোপাতাড়ি কোপ দেয় এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
অভিযানে চারজনকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়া হামলার সময় লুট করে নেওয়া একটি সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

