ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মশিউজ্জামান পাবেল মাজারে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, অলি-আউলিয়াদের দরবারে হামলা চালানো হলে দেশের আশেক-ভক্তদের নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্প্রতি মিরপুরের শাহ আলী বাগদাদী (র.) মাজার শরীফে হামলার ঘটনার নিন্দা জানিয়ে পাবেল বলেন, দরবারের খাদেমসহ কয়েকজন আহত হওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি অভিযোগ করেন, অলি-আউলিয়াদের মর্যাদা সম্পর্কে জামায়াতে ইসলামীর সঠিক ধারণা নেই। একই সঙ্গে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ হাসানের বক্তব্যেরও সমালোচনা করেন।
পাবেল বলেন, “হক্কানী অলি-আউলিয়াদের দরবারে আর কোনো হামলা হলে দেশের সকল আশেক, ওলি প্রেমিক ও তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে জামায়াত নিষিদ্ধের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অলি-আউলিয়াদের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, অতীত শাসনামলে সামাজিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। মাদক, অপসংস্কৃতি এবং সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে দেশকে দুর্বল করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে পাবেল বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সংসদে সামাজিক অবক্ষয় রোধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি মন্তব্য করেন, শুধু সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করলেই হবে না, মানুষের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ তৈরি করতে হবে।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে সংসদে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিশেষে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামকে পুঁজি করে বিভ্রান্তিকর রাজনীতি বন্ধ করতে হবে। পাশাপাশি অলি-আউলিয়াদের অবমাননা ও শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকারকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

