ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে মামলার সব পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
ট্রাইব্যুনাল আগামী ১০ জুন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
মামলার এজাহারে নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের পাশাপাশি তার ছেলে ইমতিনান অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমা,শামীম ওসমানের শ্যালক নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি তানভির আহম্মেদ টিটু, অযন ওসমানের শ্যালক ভিকি, সাংবাদিক রাজু আহম্মেদ,১৭নং ওর্য়াড সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সোনানুর রহমান শুভ। এ মামলার সকল আসামী পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্ত সবাই বর্তমানে পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

