ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দেশের শিল্পখাতে অস্থিরতা ও অনেক ব্যবসা প্রতিষ্ঠানের দুর্বল হয়ে পড়ার অন্যতম কারণ ব্যাংকিং খাতের কঠোর নীতিমালা।কোনো শিল্পপ্রতিষ্ঠানের আমদানি-রপ্তানিসংক্রান্ত এলসি প্রক্রিয়ায় সামান্য জটিলতা তৈরি হলেই ব্যাংকগুলো দ্রুত ঋণ সুবিধা সীমিত করে দেয়, যা শিল্পখাতে নেতিবাচক প্রভাব ফেলে।
রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা, শ্রমিকদের বেতন-বোনাস এবং ছুটি নিশ্চিত করতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।
সাখাওয়াত হোসেন খান বলেন, সরকারের কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এজন্য বিদ্যমান ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। নারায়ণগঞ্জে বর্তমানে ২ হাজার ৭২২টি শিল্পকারখানা চালু রয়েছে। গত ঈদে অল্প কিছু কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলেও এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে কাজ করছেন।
নাসিক প্রশাসক আরও বলেন, প্রশাসনের একক হস্তক্ষেপের পরিবর্তে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান হওয়াই সবচেয়ে কার্যকর পন্থা। এ ক্ষেত্রে বিকেএমইএ, বিজিএমইএ এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঈদের আগে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। ব্যবসায়ী নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করলে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে এবং প্রশাসনের অতিরিক্ত হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মেহেদী হাসান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

